স্টাফ রিপোর্টার:-
ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান চৌরাস্তা জামে মসজিদের পাশের পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বিকেল থেকেই ওই ব্যক্তি বগাজান বাজার এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন। তার চলাফেরা ও কথাবার্তা স্বাভাবিক ছিল না বলে অনেকেই তাকে মানসিক ভারসাম্যহীন মনে করেন। বিষয়টি নজরে আসায় এক স্থানীয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করে পরিচয় জানাতে অনুরোধও করেছিলেন।
এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, রাত পর্যন্ত ওই ব্যক্তি বাজারেই অবস্থান করছিলেন। এক হোটেল মালিক মানবিক কারণে তাকে খাবারও দেন। তবে পরদিন সকালে কাছের পরিত্যক্ত পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
দেশ বাংলা টিভি ডেক্স